১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৩৪:২৬ পূর্বাহ্ন


আমেরিকাকে বয়কট করেছি, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবল প্রধান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৫:৪৩:১১
আমেরিকাকে বয়কট করেছি, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবল প্রধান ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম রাজনৈতিক ও সামরিক উত্তজনা চললেও আসন্ন ফুটবল বিশ্বকাপ বর্জন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, তারা কেবল আমেরিকাকে বয়কট করবেন, কিন্তু বৈশ্বিক এই ফুটবল টুর্নামেন্টকে নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সম্প্রতি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানকে ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে না আসার প্রচ্ছন্ন হুমকি দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই হুমকির পরই ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।

রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেও ইরানের ফুটবলারদের মাঠের প্রস্তুতি থেমে নেই। বর্তমানে ইরান জাতীয় দল তুরস্কে নিবিড় অনুশীলন ক্যাম্প করছে। সেখানে একটি চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবে তারা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জর্ডান থেকে সরিয়ে নেওয়া এই প্রতিযোগিতায় আগামী ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ইরান। ফিফার সিদ্ধান্ত এখন কোন দিকে যায় এবং মেক্সিকোতে ইরানের ম্যাচগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয় কি না, তার ওপরই নির্ভর করছে আসন্ন বিশ্বকাপে তাদের অংশগ্রহণের চূড়ান্ত রূপরেখা।