১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৮:০৩ অপরাহ্ন


ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ২০:৪৭:৩৪
ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ছবি: সংগৃহীত


বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীবাহী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি সরাসরি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং উদ্ধার তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার নির্দেশনায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় সচল করার পাশাপাশি আহত যাত্রীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। বিশেষ করে ঈদের এই সময়ে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে বিকল্প উপায়ে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। উল্লেখ্য যে, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়, যাতে অন্তত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার এই দুর্ঘটনার প্রতি বিশেষ সংবেদনশীলতা দেখিয়েছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আসনটি ছেড়ে দিলেও এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় তাঁর এই সরাসরি তদারকি স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের কাজ চলছে।