১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:১৬:১৮ অপরাহ্ন


যেমন ছিল শামস সুমনের জীবনের শেষের কিছুক্ষণ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৮:৪৮:২৩
যেমন ছিল শামস সুমনের জীবনের শেষের কিছুক্ষণ ছবি: সংগৃহীত


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা শামস সুমনের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বুধবার বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। বর্তমানে তাঁর মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে; যুক্তরাজ্য থেকে পরিবার ফিরলে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শামস সুমনের মৃত্যুর আগের কয়েক ঘণ্টা ছিল অত্যন্ত নাটকীয় ও বেদনাদায়ক। সহকর্মী আবুল কালাম আজাদ জানান, বিকেল পৌনে চারটার দিকে ভিডিও কলে কথা বলার সময় সুমনের শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বিকেল পাঁচটার দিকে তিনি নিজে হেঁটেই গ্রিন রোডের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে এমআরআই কক্ষ থেকে বের হয়ে সহকর্মীদের দেখে হেসে কথাও বলেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমে পোশাক পরিবর্তনের সময় হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। জরুরি বিভাগে চিকিৎসকদের ৪০ মিনিটের প্রাণপণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান।

নব্বই দশকের জনপ্রিয় এই মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘স্বনন’ সংগঠনের মাধ্যমে সাংস্কৃতিক যাত্রা শুরু করেছিলেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ব্যক্তিগত জীবনে একধরনের নিঃসঙ্গতা ও শারীরিক জটিলতা তাঁকে ঘিরে থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ইচ্ছা ছিল ক্যামেরার সামনে ফেরার। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একজন হাসিখুশি মানুষের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা।