১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৩:১৯ অপরাহ্ন


মার্কিন নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ: মার্কিন দূতাবাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৬:০০:২৫
মার্কিন নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ: মার্কিন দূতাবাস ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের কথা মনে করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (১৮ মার্চ) এক বিশেষ বার্তায় দূতাবাস স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাগরিকত্ব পাওয়ার এই কৌশলটি এখন থেকে আর ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত কার্যক্রম হিসেবে গণ্য হবে না।

দূতাবাসের এই সতর্কবার্তায় ভিজিটর ভিসায় আরও কিছু নিষিদ্ধ কাজের তালিকা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। অর্থাৎ, বি১/বি২ ভিসায় গিয়ে সশরীরে কোনো কাজ করে অর্থ উপার্জন করা অবৈধ। এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও এই ভিসার শর্তের পরিপন্থী। পারিশ্রমিকের বিনিময়ে যেকোনো ধরনের পেশাদার কাজ বা সেবা প্রদানও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূলত ভিসার অপব্যবহার রোধ এবং ভ্রমণকারীদের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করতেই এই নির্দেশনা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ। দূতাবাস থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যারা ভিজিটর ভিসায় দেশটিতে প্রবেশ করবেন, তাদের অবশ্যই ভিসার শর্ত মেনে চলতে হবে। এই নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ভিসা বাতিল বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।