১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০১:১৪ অপরাহ্ন


ছাড়পত্র পেলো ‘দম’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৬ ২০:০৪:১৫
ছাড়পত্র পেলো ‘দম’ ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলোর মধ্যে প্রথম হিসেবে সেন্সর ছাড়পত্র পাওয়ার দৌড়ে বাজিমাত করেছে রেদওয়ান রনি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দম’। সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি বিনা কর্তনে ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট লাভ করেছে। এর ফলে সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল শুরু থেকেই। বিশেষ করে দীর্ঘ ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই দাপুটে অভিনেতাকে একই পর্দায় দেখার সুযোগ দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে।

সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ‘দম’। টিজারে নিশোর লড়াকু চাহনি এবং একজন সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র জীবন সংগ্রামের যে আভাস দেওয়া হয়েছে, তা দর্শকদের মন কেড়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রতিটি দৃশ্য নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

সেন্সর বোর্ডের গ্রিন সিগন্যাল পাওয়ার পর এখন কেবল প্রেক্ষাগৃহে আসার অপেক্ষা। এবারের ঈদের অন্যতম তুরুপের তাস হিসেবে ‘দম’ বড় পর্দায় দর্শক টানবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।