১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৬:৪২:১২ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৬ ১৭:২৫:২৬
প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন ডা. শফিকুর রহমান আমীরে জামায়াত ডা শফিকুর রহমান


দেশের নদ-নদী ও জলাশয়গুলোর নাব্যতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত 'খাল খনন কর্মসূচি'র প্রশংসা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার এক ফেসবুক বার্তায় তিনি এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর পাশাপাশি নদী ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান।

নদীমাতৃক বাংলাদেশের হারানো ঐতিহ্য

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, এক সময় নদী ও খাল ছিল বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। পণ্য পরিবহন, কৃষি এবং মৎস্যসম্পদ—সবক্ষেত্রেই নদীর ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু ফারাক্কা বাঁধের প্রভাব এবং দীর্ঘদিনের অযত্নে নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় দেশ এখন অকাল বন্যা ও শুকনা মৌসুমে মরুভূমির মতো পরিস্থিতির শিকার হচ্ছে।

'লুটপাটতন্ত্র' এড়িয়ে স্বচ্ছতার আহ্বান

বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন: "অতীতে ড্রেজিং বা নদী শাসনের নামে বাজেট বরাদ্দ হলেও লুটপাটতন্ত্রের কারণে জনগণ কোনো সুফল পায়নি। দেশবাসীর আমানত স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো সরকারের দায়িত্ব।"

নদী বাঁচলে বাঁচবে খাল

তিনি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি একটি কারিগরি পরামর্শও দিয়েছেন। তিনি মনে করেন, যদি প্রধান নদীগুলোতে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা না হয়, তবে শুধু খাল খনন করে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া কঠিন হবে। নদীগুলো প্রাণ ফিরে পেলেই খাল খনন কর্মসূচি পূর্ণতা পাবে।