১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩২:৪৯ অপরাহ্ন


পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ১৩:৫৪:৪৯
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


আসন্ন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের পুণ্যলগ্নে দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সারা দেশের প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে এই বিশেষ প্রকল্পের ওপর আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি আগামী ১৪ এপ্রিল মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে প্রদত্ত সরকারি সব সহায়তা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। একটি আধুনিক ডিজিটাল ডেটাবেইস তৈরির মাধ্যমে এই কার্ড প্রবর্তন করা হচ্ছে, যা কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকদের অধিকার রক্ষায় ঢাল হিসেবে কাজ করবে।

গুরুত্বপূর্ণ এই নীতি-নির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রকল্পের প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট মহলের মতে, এই কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পহেলা বৈশাখের উৎসবে এমন একটি জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন দেশের প্রান্তিক কৃষকদের জন্য বড় এক উপহার হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল এই ব্যবস্থার ফলে কৃষকরা যেমন সহজে ঋণ ও সার-বীজের ভর্তুকি পাবেন, তেমনি সরকারের পক্ষ থেকেও কৃষি প্রণোদনা বণ্টন অনেক বেশি নির্ভুল ও কার্যকর হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।