১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৭:৪১ অপরাহ্ন


হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৩ ১৬:১১:২৫
হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে অসুস্থ নেতার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থানকালে প্রধানমন্ত্রী তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ ও প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই সফর ও তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়টি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় বাড়িতে পর্যবেক্ষণে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার এই অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।