১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০১:১০ অপরাহ্ন


সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের প্রাণহানি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৯:১৬:০৭
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের প্রাণহানি ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় থেকে ঢাকাগামী 'একতা এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি (২৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটিনা রেলসেতুর ওপর দাঁড়িয়ে দুই যুবক মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। ঠিক সেই সময় দ্রুতগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে চলে এলে তারা সরে যাওয়ার সুযোগ পাননি। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় ফয়সাল কবির ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় আলফে সানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

প্রতিবছর বসন্তকালে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে ঘাটিনা রেলসেতু এলাকায় শত শত দর্শনার্থী ভিড় করেন। সাম্প্রতিক সময়ে এই সেতুটি টিকটক ভিডিও এবং ঝুঁকিপূর্ণ সেলফি তোলার একটি বিপজ্জনক স্পটে পরিণত হয়েছে। মাত্র একদিন আগেই গত বুধবার (১১ মার্চ) এক যুবক চলন্ত ট্রেনের মুখে পড়ে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আজ ঝরে গেল দুটি তাজা প্রাণ।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। রেললাইনের ওপর এমন ঝুঁকিপূর্ণ বিনোদনের বিষয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল বারবার সতর্ক করলেও দর্শনার্থীদের বেপরোয়া আচরণের কারণে এ ধরনের দুর্ঘটনা থামছে না।