চলতি বছরের মার্চ মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ব্যাপক গতি লক্ষ্য করা যাচ্ছে। মার্চের প্রথম ১১ দিনেই দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার একদিনেই দেশে এসেছে ২ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা সমমূল্যের রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসেবে এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৪৪.৩০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের সামগ্রিক চিত্রও বেশ ইতিবাচক। গত বছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত যেখানে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার, সেখানে চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলারে। অর্থাৎ, অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ২২.৯০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করার ফলেই আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।