১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:০৮ অপরাহ্ন


ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৫:৪৪:৪৫
ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত


চট্টগ্রামের চকবাজারে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) একটি নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে ভবনটির দারোয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—এনামুল হক (দারোয়ান), আইমন, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েস।

নিহত সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১২ এপ্রিল রাতে ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ওই দিন বিকেলে বন্ধু ফারদিন হাসানের ফোন পেয়ে সাজিদ বাসা থেকে বের হন। পথে আইমন ও অনিকসহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণের চেষ্টা করে। সাজিদ জীবন বাঁচাতে দৌড়ে ওই নির্মাণাধীন ভবনের ৮ তলায় আশ্রয় নেন। ঘাতকরা দারোয়ানের সহায়তায় ভেতরে ঢুকে তাকে মারধর করে এবং লিফটের জন্য রাখা খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেয়।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ জানান, সাজিদের বাবার দায়ের করা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মেধারী সন্তানের এমন নৃশংস মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাজিদের পরিবার।