১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৯:৪১ অপরাহ্ন


আজকের এই সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত: তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৫:৫১:৩৯
আজকের এই সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত: তারেক রহমান ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত স্পিকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি বর্তমান সংসদকে ‘জনগণের প্রকৃত সংসদ’ হিসেবে অভিহিত করেন এবং সংসদীয় গণতন্ত্রকে অর্থবহ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ থেকে স্পিকার আর কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিক মানুষ আজ অত্যন্ত প্রত্যাশা নিয়ে এই সংসদের দিকে তাকিয়ে আছে। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অন্ধকার অধ্যায়ের ইতি ঘটিয়ে দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে সর্বোচ্চ কার্যকর ও অর্থবহ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে জনগণকে একটি দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে পরিণত করা হয়েছিল মানুষের অধিকার লুণ্ঠনকারীদের একটি ক্লাবে। তিনি কঠোর ভাষায় স্মরণ করিয়ে দেন যে, গত ১৫ বছরে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তারা কেউ জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত ছিলেন না। তবে আজকের এই সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত, তাই এটি একান্তই বাংলাদেশের জনগণের সংসদ।

সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে চাই না। বরং সুনির্দিষ্ট যুক্তি, তথ্য এবং গঠনমূলক বিতর্কের মাধ্যমে আমরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলতে চাই। এক্ষেত্রে সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, সংসদ সদস্য হিসেবে সরকারি দল স্পিকারকে তার দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নবনিযুক্ত স্পিকারকে সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং একটি নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠ সংসদীয় ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।