১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৪৯ অপরাহ্ন


যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে ৩ শর্ত দিলো ইরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৫:০৭:২৯
যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে ৩ শর্ত দিলো ইরান ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক নতুন কূটনৈতিক চাল চাললেন। তিনি ওয়াশিংটন ও তেল আবিবের সামনে যুদ্ধ থামানোর জন্য তিনটি অনড় শর্ত ঘোষণা করেছেন। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর দেওয়া এই শর্তগুলোতে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের সার্বভৌমত্ব মেনে নিতে হবে, যুদ্ধের ফলে হওয়া অপূরণীয় ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলার শিকার হবে না—এমন শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান করতে হবে। পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের ‘ন্যায়সঙ্গত অধিকার’ স্বীকৃত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

প্রেসিডেন্টের এই শান্তির প্রস্তাবের সমান্তরালে ইরানের সামরিক বাহিনী থেকে এসেছে এক ভয়াবহ বার্তা। সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি সরাসরি জানিয়েছেন যে, পারস্য উপসাগরের প্রতিটি বন্দর এখন তাদের লক্ষ্যবস্তুর আওতায়। যদি ইরানের কোনো বন্দরে হামলা হয়, তবে এর বদলা হিসেবে পুরো অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিধ্বংসী অভিযান চালানো হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর উচিত তাদের মাটি থেকে দ্রুত মার্কিন সেনাদের বহিষ্কার করা।

এদিকে রয়টার্সের তথ্যমতে, ইসরাইল স্বীকার করেছে যে মুহুর্মুহু হামলায় ইরানের সরকারের পতন ঘটানো সম্ভব নয়। ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষের কথা বললেও ওয়াশিংটন এখনই পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ নাজুক; শীর্ষ নেতাদের মৃত্যুতে ক্ষোভ থাকলেও কঠোর দমনপীড়ন ও যুদ্ধের আতঙ্কে জনগণ রাজপথে নামতে পারছে না। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক ধসের ফলে ইরান এখন এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। পেজেশকিয়ানের এই শর্তগুলো এখন শান্তির পথ দেখাবে নাকি সংঘাত আরও উসকে দেবে, তা আগামী কয়েক দিনের যুদ্ধকৌশলেই পরিষ্কার হবে।

তথ্যসূত্র: এনডিটিভি ও তাসনিম নিউজ।