বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মার্চ) জারি করা এই নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার বা 'কার শেয়ারিং'-এর পরামর্শ দেওয়া হয়েছে। তেলের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুযায়ী, এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। এছাড়া প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখা এবং জেনারেটরের ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে। ব্যাংক ভবনে অতিরিক্ত আলোকসজ্জা ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সময়সূচি মেনে চলার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত জাতীয় স্বার্থে জ্বালানি তেলের ব্যবহার কমাতে আর্থিক খাতকে এই সাশ্রয়ী মডেলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।