১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৫৪ অপরাহ্ন


পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৮:৩১:২২
পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ ছবিঃ ক্রিকইনফো


মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য মাত্র ১৫.১ ওভারেই পেরিয়ে গেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটের এক বিশাল জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল টাইগাররা। বল হাতে নাহিদ রানার তাণ্ডবের পর ব্যাট হাতে তানজিদ তামিমের অপরাজিত ৬৭ রানের ইনিংসটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে লক্ষ্য করে ১৫ রান তুলে নিয়ে জয়ের পথ প্রশস্ত করেন তানজিদ। যদিও তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ৪ রানে সাইফ হাসান আউট হয়ে গেলে কিছুটা ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম। দুইজনের সাবলীল ব্যাটিংয়ে মাত্র সপ্তম ওভারেই দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়িয়ে যায়। বিশেষ করে তানজিদ তামিম ছিলেন রুদ্রমূর্তি ধারণ করে; মাত্র ৩২ বলে হাঁকান ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে ফিফটি।

শান্ত ও তানজিদ মিলে গড়েন ৩৮ বলে ৫১ রানের দারুণ এক জুটি। জয়ের বন্দরে পৌঁছানোর সামান্য আগে শান্ত ৩৩ বলে ২৭ রান করে মোহাম্মদ ওয়াসিমের শিকার হলেও, তাতে বাংলাদেশের জয়ে কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ৪২ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলা তানজিদ তামিম। তার এই ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার। মিরপুরের গ্যালারি যখন বিজয়ের উল্লাসে মাতোয়ারা, তখন ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।