আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে একগুচ্ছ কঠোর নির্দেশনার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এবারের ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তায় কোনো ধরনের আপস করা হবে না। সড়ক দুর্ঘটনা এড়াতে তিনি প্রতিটি দূরপাল্লার বাসে বাধ্যতামূলকভাবে দুইজন চালক রাখার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো চালককেই টানা ৪ থেকে ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে না হয়। চালকদের ক্লান্তিজনিত দুর্ঘটনা রোধেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাধারণ পুলিশের পাশাপাশি ট্রাফিক বিভাগ, ডিবি, সোয়াট এবং বিশেষ ডগ স্কোয়াডও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া রাস্তায় ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস নামিয়ে জনভোগান্তি তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এসব বাস শনাক্ত করতে প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। রাস্তা থেকে এলোমেলোভাবে যাত্রী উঠিয়ে যানজট তৈরি না করার জন্য তিনি বাস মালিকদের কঠোরভাবে সতর্ক করে দেন।
যাত্রীদের আর্থিক হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি মাথায় রেখে এবার কঠোর তদারকির ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, বিআরটিএ ও সিটি করপোরেশনসহ মোট ছয়টি সংস্থার ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করবেন। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করলে বা আদায় করলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঈদে মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়, সেজন্য পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।