ইরানের ওপর আক্রমণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মঙ্গলবারকে (১০ মার্চ) ইরানে ‘সবচেয়ে তীব্র হামলার দিন’ হিসেবে অভিহিত করেছেন।
হেগসেথ দাবি করেন, চলমান এই সংঘাতের ময়দানে ইরান ‘মারাত্মকভাবে পরাজিত’ হচ্ছে। তিনি তথ্য দিয়েছেন যে, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে কম। শত্রু পক্ষ দুর্বল হয়ে পড়ছে—এমন দাবি করে তিনি জানান, আজ আবারও ইরানকে লক্ষ্য করে সবচেয়ে বড় এবং ভয়াবহ আঘাত হানবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও আতঙ্কজনক করে তুলল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক হামলার ঘোষণা ইরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে আরও কঠোর পাল্টা জবাবের পথ খুলে দিতে পারে।