১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৮:৩২ অপরাহ্ন


গুলশানের রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশী নারী মডেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৯:৪২:১৫
গুলশানের রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশী নারী মডেল ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় এক পথচারীকে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ব্যস্ত সড়কে সবার সামনে এক ব্যক্তিকে ব্যাগ দিয়ে আঘাত ও মারধরের এই দৃশ্য নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিগন্যালে আটকে থাকা গাড়ির জটলার মাঝ দিয়ে এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের পর ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে হাসিমুখে একটি 'ফ্লাইং কিস' ছুড়ে দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে চলে যান তিনি।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে। অনেকেই মনিকার এমন উগ্র আচরণের তীব্র সমালোচনা করছেন। অন্যদিকে, কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করছেন যে ওই পথচারী মনিকাকে উদ্দেশ্য করে কোনো অশোভন ইঙ্গিত করেছিলেন, যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মূলধারার মডেলিংয়ে খুব একটা নিয়মিত না হলেও মনিকা কবির বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় তাঁর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়েছেন। এবার ব্যস্ত সড়কে পথচারীকে লাঞ্ছিত করার এই ঘটনায় তিনি নতুন করে টক অব দ্য টাউনে পরিণত হলেন।