১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৫:৩০ অপরাহ্ন


এক গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৪:৪৭:৪২
এক গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল? ছবি: সংগৃহীত


মিষ্টি কণ্ঠ আর বিনয়ী স্বভাবের জন্য দুনিয়াজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বরাবরই ভক্তদের মনের মণিকোঠায় থাকেন। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করা এই শিল্পী এ পর্যন্ত ২০টিরও বেশি ভাষায় তিন হাজারেরও বেশি গান গেয়েছেন, যার মধ্যে শুধু হিন্দিতেই রয়েছে এক হাজার একশ পঞ্চাশটিরও বেশি গান।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। তাঁর এই বিপুল আয়ের প্রধান উৎস হলো সংগীত। বর্তমানে তিনি বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়িকা; প্রতিটি গান রেকর্ড করার জন্য তিনি ২৫ থেকে ৩০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট থেকেও তাঁর মোটা অংকের আয় হয়।

সম্পত্তির দিক থেকেও বেশ সমৃদ্ধ এই গায়িকা। কলকাতার অভিজাত এলাকায় তাঁর নিজস্ব অ্যাপার্টমেন্টের পাশাপাশি মুম্বাইয়ে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। তাঁর গাড়ির সংগ্রহও বেশ রাজকীয়, যেখানে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ-বেন্‌জ এস-ক্লাসের মতো দামি গাড়ি স্থান পেয়েছে।

শ্রেয়ার সংগীতজীবনের মোড় ঘুরেছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ জেতার পর। তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালি ‘দেবদাস’ সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। সেই ছবির ‘বৈরি পিয়া’ ও ‘সিলসিলা ইয়ে চাহাত কা’ গান দুটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে শৈশবের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া এবং ২০২১ সালে তাঁদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান দেবায়ন।