১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৭:০৩ অপরাহ্ন


হিজবুল্লাহ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্নভিন্ন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৪:২৩:৪৪
হিজবুল্লাহ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্নভিন্ন ছেলের সঙ্গে ইসরায়েলি মন্ত্রী। ছবি সংগৃহীত


লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক অতর্কিত হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। গত ৬ মার্চ ঘটা এই হামলায় আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং রোয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, আহতদের তালিকায় রয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী ও জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলে বেনিয়া হেবরন।

স্মতরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, গত শুক্রবার লেবানন সীমান্ত অভিমুখে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ছোঁড়া মর্টার শেলটি আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ধাতব টুকরো বা শার্পনেল তার ছেলের পিঠ ও পেট দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে বেনিয়ার লিভার বা যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ছিন্নভিন্ন হয়ে গেছে।

ঘটনার পরপরই বেনিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্থমন্ত্রী স্মতরিচ তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, শার্পনেলের টুকরোটি লিভার ছিঁড়ে পেটের প্রধান একটি রক্তনালীর দেওয়ালে গিয়ে আটকে ছিল। ভাগ্যক্রমে রক্তনালীটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত না হওয়ায় তাঁর ছেলে এখনো বেঁচে আছেন। তবে অবস্থা এখনো সংকটমুক্ত নয়। হিজবুল্লাহর এই আকস্মিক হামলা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।