আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের আর্থিক লেনদেন নিরবচ্ছিন্ন ও ভোগান্তিহীন রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়, ঈদের ছুটির সময় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের পাশাপাশি বুথগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে পাহারাদারদের সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এটিএমের পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে লেনদেন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। অনলাইন কেনাকাটা বা কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা কার্যকর রাখতে বলা হয়েছে। এছাড়া জালিয়াতি রোধে গ্রাহকদের সচেতন করতে হবে এবং প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
ঈদের এই ছুটির সময়ে গ্রাহকদের সহায়তার জন্য ব্যাংকগুলোকে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষিত হওয়ায় এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ এই বন্ধের সময়ে সাধারণ মানুষের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যাংকগুলোকে এই আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।