১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৮:৩৬ অপরাহ্ন


ইরান ইস্যুতে আমেরিকা ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি চীনের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৮:৫৩:৫১
ইরান ইস্যুতে আমেরিকা ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি চীনের


ইরানে সরকার উৎখাতের যেকোনো প্রচেষ্টা দেশটির জনগণের সমর্থন পাবে না বলে আমেরিকা ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করেন যে, ইরানসহ প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। তিনি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান।

ওয়াং ই এই সংঘাতকে একটি ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ হিসেবে অভিহিত করে বলেন, বলপ্রয়োগ কোনো স্থায়ী সমাধান নয়; বরং এটি কেবল ঘৃণা এবং নতুন সংকটের জন্ম দেয়। এই যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয় উল্লেখ করে তিনি সব পক্ষকে দ্রুত কূটনৈতিক আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান।

এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বেইজিং। চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। চীন জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা রিয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সম্পূর্ণ প্রস্তুত।