১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:০৩ অপরাহ্ন


অভিযোগ প্রমাণিত হয়নি, মাদক মামলায় বেকসুর খালাস পেলেন আসিফ আকবর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৬:৩২:৪২
অভিযোগ প্রমাণিত হয়নি, মাদক মামলায় বেকসুর খালাস পেলেন আসিফ আকবর ছবি: সংগৃহীত


রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত উল্লেখ করেন যে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অন্য একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতারের সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করে পুলিশ। এর প্রেক্ষিতে ওই বছরের ২৩ জুলাই সিআইডির এসআই প্রশান্ত কুমার সিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং এর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছিল।

রায়ের সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। বিচার চলাকালে আদালত মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন। আজ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।