জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে যেকোনো ধরনের কৃত্রিম সংকট রুখতে সারা দেশে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা ওই পত্রে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারি চালাতে হবে। এই লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন সরকার। মূলত অসাধু ব্যবসায়ীরা যেন তেলের বাজারকে অস্থিতিশীল করতে না পারে, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এদিকে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে একটি সমন্বিত তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে গঠন করা হয়েছে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’। এই সেলগুলো তেলের মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারি রাখবে।