১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৫:৩২ অপরাহ্ন


ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা ন্যায় বিচার হবে না: হাদির বোন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৪:৪৩:০৮
ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা ন্যায় বিচার হবে না: হাদির বোন ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়ার পর জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বোন মাসুমা হাদি। তিনি বলেন, 'ফয়সাল একজন শুটার। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আমরা কিছুটা আশাবাদী যে তার বিচার হবে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আরও কারা জড়িত, ফয়সালকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জুগিয়েছে এবং কারা তাকে জেল থেকে জামিনে বের করতে সহায়তা করেছে, এসব বিষয়ও তদন্তের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন।'


তিনি আরও বলেন, 'শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়। ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা কখনোই ন্যায়বিচার হবে না'


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগকালে বিজয়নগরে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে অভিযুক্তদের আটক করে সে দেশের পুলিশ। মাসুমা হাদি অবিলম্বে আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ইতিপূর্বে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করা হলেও মামলার বাদী নারাজি দেওয়ায় বর্তমানে সিআইডি এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করছে।