১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৫:০১ অপরাহ্ন


৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের বোলার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৮:১৩:৫৭
৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের বোলার ছবি: সংগৃহীত


প্রথম শ্রেণির ক্রিকেটের ২৪০ বছরের দীর্ঘ ইতিহাসে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট 'প্লাঙ্কেট শিল্ডে' সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাত্র ৫ বলে ৫ উইকেট নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে নর্দার্ন ডিস্ট্রিক্টসের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে আউট করে এই তাণ্ডব শুরু করেন রানডেল। এরপর নিজের তৃতীয় ওভারের প্রথম চার বলে টানা চার উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বোলার হিসেবে 'ডাবল হ্যাটট্রিক' ও ৫ বলে ৫ উইকেটের বিশ্ব রেকর্ড গড়েন। রানডেলের এই বিধ্বংসী স্পেলে নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।

পেশাদার ক্রিকেটে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এবং জিম্বাবুয়ের কেলিস এনধলোভু ৫ বলে ৫ উইকেট নিলেও প্রথম শ্রেণির (লাল বলের) ক্রিকেটে এটিই প্রথম ঘটনা। শেষ পর্যন্ত ২৫ রানে ৭ উইকেট শিকার করেন রানডেল, যা তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায়।