১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৭:২৫:৫৮ অপরাহ্ন


ঈদের আগে নতুন নোট ছাড়ার পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৬:৪১:৫৯
ঈদের আগে নতুন নোট ছাড়ার পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের ছবি: সংগৃহীত


ঈদুল ফিতরের আগে বিশেষ প্রক্রিয়ায় নতুন নোট বিতরণের দীর্ঘদিনের প্রচলিত রীতি থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিশেষ কোনো উৎসবকে কেন্দ্র করে নয়, বরং সারা বছর ধরে চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে আলাদাভাবে নতুন টাকা ছাড়ার কোনো পরিকল্পনা আপাতত নেই। কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে উৎসবকেন্দ্রিক রেওয়াজ পরিবর্তন করে বছরজুড়ে নিয়মিতভাবে নতুন নোট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ মানুষ সারা বছরই প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য যে, গত বছর রমজানের শুরুতে নতুন টাকা বিতরণের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই সময় বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে আপত্তির গুঞ্জন থাকলেও ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এ বছরের শুরুতেই মুখপাত্র ইঙ্গিত দিয়েছিলেন যে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে। বর্তমানে সেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া চললেও এবারের ঈদে বিশেষ কোনো বিতরণের আয়োজন থাকছে না।