ভারত ও বাংলাদেশ বর্তমানে এক নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (৭ মার্চ) ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এই পুরো অঞ্চলকে একটি যৌথ সমৃদ্ধি উপহার দেওয়া সম্ভব। আজ রবিবার (৮ মার্চ) ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর এই বক্তব্যের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের যে অভিন্ন আত্মত্যাগ, তার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই অনন্য জনঘনিষ্ঠ সম্পর্ক।
বক্তব্যে তিনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের নিরন্তর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার মনে করেন, ভারত ও বাংলাদেশ বর্তমানে দুটি উচ্চাকাঙ্ক্ষী ও অগ্রসরমান সমাজ হিসেবে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার এক যৌথ অঙ্গীকার হিসেবে বর্ণনা করেন।
উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শিক্ষাবিদসহ সমাজের বিভিন্ন স্তরের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।