১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:৩৬:৪৮ অপরাহ্ন


গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বুবলী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৫:৫৩:০৫
গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বুবলী ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে আসছে এক বিশেষ চমক। বরাবরই হানিফ সংকেতের সৃজনশীল গ্রন্থনা ও সুনিপুণ পরিকল্পনায় প্রতিটি ঈদেই ভিন্নধর্মী সব আয়োজন থাকে, তবে এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন পেশাদার সংগীতশিল্পী হিসেবে।

জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে একটি গানে কণ্ঠ দিয়েছেন বুবলী। পেশাদার গায়িকা না হওয়া সত্ত্বেও ইমরানের সুরে ও সংগীতে অত্যন্ত সাবলীলভাবে গানটি গেয়েছেন তিনি। বুবলীর ক্যারিয়ারে টেলিভিশনের পর্দায় গান গাওয়ার ঘটনা এটাই প্রথম। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার কবির বকুল। ইতিপূর্বে তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও হিমির মতো তারকারা ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের এই জুটিকে বেছে নেওয়া হয়েছে।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। ফাগুন অডিও ভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, গানের নির্মাণশৈলী, মনোরম লোকেশন এবং বুবলী ও ইমরানের গায়কিতে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়েছেন। অতীতের মতো এই গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।