১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০৩:৫৫ অপরাহ্ন


আজ থেকে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৯:০৭:৪৯
আজ থেকে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ছবি: সংগৃহীত


ইরানকে অবিলম্বে আত্মসমর্পণের চূড়ান্ত আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান যদি দ্রুত নতিস্বীকার না করে, তবে আজই দেশটিতে এমন সব জায়গায় আঘাত হানা হবে যা এর আগে কখনোই মার্কিন হামলার তালিকায় ছিল না।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, ইরানের ক্রমাগত ঔদ্ধত্য ও নেতিবাচক আচরণের কারণে এখন এমন কিছু এলাকা এবং জনসমষ্টিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা এর আগে কখনো ভাবা হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা মানেই হবে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু।

ইরানকে একসময়ের দাপুটে শক্তি থেকে এখন ‘পরাজিত শক্তি’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি দাবি করেন, আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানকে আগামী কয়েক দশক এই পরাজয়ের গ্লানি বয়ে বেড়াতে হবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন ও প্রচণ্ড হামলার মুখেই ইরান এখন কোণঠাসা হয়ে পড়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ইরান এখন ‘নরকের মার’ খাচ্ছে বলেই প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইছে এবং ভবিষ্যতে আর হামলা না করার প্রতিশ্রুতি দিচ্ছে। মূলত মার্কিন ও ইসরায়েলি সামরিক শক্তির ভয়েই তেহরান নমনীয় হতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, এর আগে সকালে এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, সেসব দেশের মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালানো হলে ইরানও প্রতিবেশীদের ওপর কোনো আক্রমণ করবে না। ট্রাম্পের এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক ভয়াবহ ও অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিল।