১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৬:১৩ অপরাহ্ন


ইরানে মার্কিনী হামলা আরও বাড়বে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৬ ১৭:২৮:২৪
ইরানে মার্কিনী হামলা আরও বাড়বে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছবি: সংগৃহীত


ইরানের ওপর সামরিক অভিযানের তীব্রতা বহুগুণ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে আয়োজিত এক শীর্ষ পর্যায়ের ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

ব্রিফিংয়ে হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান ও তেহরানের ওপর বর্তমানে যে পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে, তার মাত্রা অচিরেই নাটকীয়ভাবে বাড়ানো হবে। তিনি এই অভিযানে গতি আনতে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। হেগসেথ উল্লেখ করেন যে, শুরুতে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি পেতে কিছুটা জটিলতা হলেও শেষ পর্যন্ত সেই বাধা কেটে গেছে, যা যুক্তরাষ্ট্রের হামলাকে আরও জোরদার করতে বড় ভূমিকা রাখবে।

এদিকে সামরিক এই তৎপরতায় সরাসরি যুক্ত হচ্ছে যুক্তরাজ্যও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে, কাতারে মোতায়েন থাকা ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে তারা আরও চারটি অত্যাধুনিক ‘টাইফুন’ যুদ্ধবিমান পাঠাচ্ছেন। স্টারমার স্পষ্ট করেছেন যে, মূলত যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনার সুযোগ দিতেই ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। দুই শক্তিশালী দেশের এমন সমন্বিত সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।