মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে কিংবা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজ শুক্রবার (৬ মার্চ) ছুটির দিনেও ঢাকার বিভিন্ন এলাকায় তেল নিতে আসা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
দেখা গেছে, রাজধানীর অনেক পেট্রোল পাম্পেই অপেক্ষমাণ যানবাহনের সারি মূল সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়া বা দাম বাড়ার আতঙ্কে অনেক চালকই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যার ফলে পাম্পগুলোর ওপর স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি হয়েছে। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই গুজবের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় তেলের বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে।
তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে কোনো সরকারি নির্দেশনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনমনে স্বস্তি ফেরাতে খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মাঠে নামার ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় কারওয়ান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ের সামনে থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি দল রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনে বের হবেন। মূলত বাজারের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ এবং জনসাধারণের আতঙ্ক দূর করতেই সরকারের পক্ষ থেকে এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।