১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৭:৫৪ অপরাহ্ন


বিয়েতে ৩ কেজি স্বর্ণ দিয়ে নিজেকে সাজিয়েছিলেন রাশমিকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৬ ১৬:২৫:২২
বিয়েতে ৩ কেজি স্বর্ণ দিয়ে নিজেকে সাজিয়েছিলেন রাশমিকা ছবি: সংগৃহীত


পর্দার প্রেম এবার বাস্তবে রূপ নিল। দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়া এই জুটির বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের রাজকীয় সাজপোশাক। বিশেষ করে বর-কনের অঙ্গে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘টক অব দ্য টাউন’।

বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের চিরায়ত আভিজাত্য। হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউসের তৈরি করা গয়নায় মোড়ানো ছিল কনের পুরো শরীর। তাঁর পরনে ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত এবং যাতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ নকশা। মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি হাতপদ্মর সঙ্গে রাশমিকার অঙ্গে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণালঙ্কার।

কনের পাশাপাশি বরের সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে বিজয় দেবরাকোন্ডা পরেছিলেন প্রায় আধা কেজি ওজনের সোনার গয়না। তবে সবার নজর কেড়েছে বিজয়ের কবজিতে থাকা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি বিশেষ ব্রেসলেটটি। আংটি থেকে শুরু করে প্রতিটি গয়নাতেই ছিল মন্দির ও বিগ্রহের সূক্ষ্ম কারুকার্য। বর্তমান বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এই তারকা দম্পতির এমন জমকালো আয়োজন ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।