১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:২২:০৬ পূর্বাহ্ন


ইকরা ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করলেন তিথি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৯:৩০:৩৭
ইকরা ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করলেন তিথি ছবি: সংগৃহীত


অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে এবার সশরীরে হাজির হলেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার (৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। এই সময় ইকরার সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের ৪০টিরও বেশি স্ক্রিনশট জনসমক্ষে প্রকাশ করে তিনি দাবি করেন, তাকে অহেতুক হ্যারাস করা হচ্ছে বলেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে তিথি জানান, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা মূলত ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। তিনি দাবি করেন, ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। প্রকাশিত স্ক্রিনশটগুলোর বরাত দিয়ে তিথি বলেন, ইকরা বিভিন্ন সময় তার কাছে পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত ডিপ্রেশনের কথা শেয়ার করতেন। তিথির দাবি, তিনি কখনোই ইকরার সংসার ভাঙতে চাননি, বরং তাকে সবসময় নিজের পায়ে দাঁড়াতে এবং কাজের মধ্যে ডুবে থাকতে উৎসাহ দিয়েছেন। এক পর্যায়ে তিনি ইকরাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "তুমি আলভীর কুইন, আমি কখনোই বলিনি তোমরা আলাদা হয়ে যাও।"

ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করে তিথি বলেন, কাউকে নিজের জীবন কেড়ে নেওয়ার জন্য উস্কানি দেওয়া তো দূরের কথা, তিনি সবসময় ইকরাকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন। তিথি আরও উল্লেখ করেন, ইকরা তাকে জানিয়েছিলেন যে তিনি আমেরিকা চলে যেতে চান, কিন্তু তিথি তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি আলভীকে কতটা ভালোবাসেন।

তিথির এই দীর্ঘ পোস্টে ইকরার পরিবারের সঙ্গে তার দূরত্বের বিষয়টিও উঠে এসেছে। তিথির ভাষ্যমতে, ইকরা নিজেই তাকে জানিয়েছিলেন যে তার পরিবার তাকে ঠিকমতো সাপোর্ট করছে না, যা থেকে তার মনে দীর্ঘদিনের ক্ষোভ জমেছিল। ২০১৮ সালে একবার আলাদা হওয়ার সময় বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরিবারের সমর্থন পাননি বলে ইকরা তিথিকে জানিয়েছিলেন।

পোস্টের শেষে তিথি সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানান যে, তার যদি কোনো ক্ষতি হয় তবে যেন বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। সবশেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করে তার সন্তান রিজিকের সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করেন তিনি। ইকরার মৃত্যুর পর তার পরিবারের দায়ের করা মামলা ও নানা অভিযোগের মধ্যে তিথির এই পাল্টা অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।