বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলে ফেরা এবং দেশে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিরপরাধ প্রমাণিত হলে তাঁদের মাঠে ফিরতে কোনো বাধা নেই।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সংকটে পড়েন এই দুই ক্রিকেটার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া সাকিব ও মাশরাফি—উভয়ের নামেই জুলাই গণহত্যার মামলা হয়েছে। সাকিব বর্তমানে দেশের বাইরে থাকলেও মাশরাফি দেশে আত্মগোপনে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাঁদের ফেরার বিষয়টি ঝুলে থাকলেও, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে আশার আলো দেখছেন ভক্তরা।
সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "আমি নিজেও একজন খেলোয়াড়। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি। দেশের ক্রিকেটের জন্য তাঁদের যে অবদান এবং খেলার প্রতি তাঁদের যে টান, সেটা আমি অনুধাবন করি।" মামলার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "মামলার বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাঁরা তাঁদের আইনজীবীর মাধ্যমে আইনিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। আইনি প্রক্রিয়ায় যদি তাঁরা নিরপরাধ প্রমাণিত হন, তবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাঁদের স্বাগতম জানাব।"
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, "তাঁরা যদি আইনি জটিলতা কাটিয়ে মাঠে ফেরেন, তবে সরকারের পক্ষ থেকে আমরা শতভাগ নমনীয় থাকব ইনশাআল্লাহ।"
এদিকে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করতে পারলে খুব দ্রুতই আবারও ২২ গজে দেখা যেতে পারে দেশসেরা এই অলরাউন্ডারকে।