১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯:৪২ অপরাহ্ন


দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৫ ১৭:৩৩:০৯
দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর নিলয় আলমগীর


দীর্ঘ সাত মাসের বিরতি কাটিয়ে অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বছরের সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা সম্প্রতি নতুন একটি নাটকের শুটিংয়ের মাধ্যমে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নিলয়। সেখানেই নভেম্বরে এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। বাবা হওয়ার সেই আনন্দঘন খবর নিলয় নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর মাত্র দুই দিনের বিশ্রাম নিয়েই গত রবিবার থেকে রাজধানীর উত্তরায় নতুন নাটকের শুটিং শুরু করেছেন এই তারকা।

পরিচালক নাজমুল রনির নির্দেশনায় এবং অনামিকা মণ্ডলের রচনায় এই নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক জানিয়েছেন, এটি একটি নিটোল কমেডি ঘরানার গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ সামাজিক বার্তাও থাকবে। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হচ্ছে। এই নাটকে নিলয়ের বিপরীতে অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা।

বিরতি শেষে ফেরাটা বেশ ব্যস্ততার সঙ্গেই শুরু হচ্ছে নিলয়ের। বর্তমান নাটকটির কাজ শেষ করার পরপরই তিনি আরও দুটি নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন। সেই দুই নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে পর্দা মাতাবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। দীর্ঘ বিরতির পর নিলয়-হিমি জুটির নতুন রসায়ন দেখার জন্য এখন থেকেই অপেক্ষায় আছেন তাদের ভক্তরা।