১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৬:৪৪ অপরাহ্ন


আসিফ আকবরের নতুন দায়িত্ব, হলেন বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৪ ১৭:৪৪:৫৩
আসিফ আকবরের নতুন দায়িত্ব, হলেন বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান আসিফ আকবর


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই বিভাগের পূর্ববর্তী চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন আসিফ। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার নেপথ্যে জানা যায়, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছিলেন ইশতিয়াক সাদেক। দায়িত্ব পাওয়ার মাত্র কয়েক মাসের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইশতিয়াক সাদেকের দাবি, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে গেম ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালনে তিনি পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তবে তার এই পদত্যাগপত্র বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলে জানা গেছে। এরই মধ্যে শূন্যতা পূরণে আসিফ আকবরকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

আসিফ আকবর পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তার সঙ্গে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বও যুক্ত হলো। দেশের ক্রিকেট কাঠামোর তৃণমূল পর্যায় এবং পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে গেম ডেভেলপমেন্ট বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসিফ আকবর এই চ্যালেঞ্জিং দায়িত্বে নিজেকে উজাড় করে দেবেন বলেই বিশ্বাস বোর্ডের।