১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৬:০০:৫৬ অপরাহ্ন


‘আনন্দমেলা’র ইতিহাসে প্রথম শাকিব খান
সানজিদা নাসরিন
  • আপডেট করা হয়েছে : ২০২৫-০৫-৩১ ১২:৫৯:৫১
‘আনন্দমেলা’র ইতিহাসে প্রথম শাকিব খান


ঈদ মানেই বিটিভির প্রধান অনুষ্ঠান হয়ে দাঁড়ায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বরাবরই এই অনুষ্ঠানটিকে ঘিরে থাকে বেশিরভাগ বিটিভি দর্শকের নজর। সেই নজর এবার বিস্ফোরণে পরিণত হতে যাচ্ছে। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস।

মোটা দাগে এমন তারকাখচিত ‘আনন্দমেলা’ এর আগে আর বিটিভির দর্শকরা দেখেনি। যেমনটা দেখতে যাচ্ছে এবার। তারচেয়ে বড় খবর, এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের প্রধান নায়ক শাকিব খান।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।

প্রযোজকরা জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। 

অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। শিল্পীরা হলেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি এবং মীম চৌধুরী। এছাড়াও কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা। 

থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স ও দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে নেচেছেন দিঘী।

‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।

ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার। 

থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব।