১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪২:০৮ অপরাহ্ন


ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১০ ১৯:০৫:৩৯
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান! চ্যানেল খুলেই সালমান খান বললেন ‘শুরু থেকে শুরু করি’। ছবি: ইউটিউব


অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলে প্রথম ঘণ্টাতেই ১৪ হাজারের বেশি সাবস্ক্রাইবার পেলেন বলিউড ভাইজান; ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল

     চলচ্চিত্র অঙ্গন এবং ছোট পর্দার সফল দাপটের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করলেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (৯ অক্টোবর) নিজের নামে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি। চ্যানেলটি খোলার মাত্র এক ঘণ্টার মধ্যেই কোনো প্রমোশন ছাড়াই এর সাবস্ক্রাইবার বা অনুসারীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে যায়।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে নতুন এই চ্যানেলের সূচনা করেন সালমান। ওই ভিডিওতে বর্ণমালা উচ্চারণের পাশাপাশি চ্যানেলটি চালুর পেছনের ভাবনাও তুলে ধরেন তিনি। তাঁর দেওয়া বার্তা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, এই চ্যানেলে কেবল নির্দিষ্ট কোনো একটি ধারার কনটেন্ট আপলোড করা হবে না; বরং বৈচিত্র্যময় নানা ভিডিও দিয়ে চ্যানেলটি সাজানো হবে। চ্যানেলের ‘অ্যাবাউট’ বা পরিচিতি অংশে সালমান লিখেছেন, "চলচ্চিত্র অভিনেতা। শিল্পী। চিত্রকর। মানবহিতৈষী। এটি আমার আনুষ্ঠানিক চ্যানেল।"

চ্যানেলটি চালুর সময় সেখানে ১০টি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করা ছিল। বড় কোনো ভিডিওর পরিবর্তে শুরুটা ছোট ও হালকা মেজাজের ক্লিপ দিয়েই করেছেন এই মেগাস্টার। তবে ভবিষ্যতে নিয়মিত কোন ধরনের ভিডিও বা ভ্লগ প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। ভক্ত ও সিনেপ্রেমীদের ধারণা, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সিনেমার শুটিংয়ের নেপথ্য দৃশ্য, পেইন্টিংয়ের ঝলক এবং নতুন কাজের প্রচারের মাধ্যম হিসেবে ইউটিউবকে ব্যবহার করবেন অভিনেতা। এর মাধ্যমে বড় পর্দা ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ফ্যানেদের আরও কাছে পৌঁছানোর নতুন দুয়ার উন্মোচিত হলো।

বলিউডে এর আগেই আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, শিল্পা শেঠিসহ একাধিক তারকা নিয়মিত ভ্লগ, ফিটনেস ও রান্নার ভিডিওর মাধ্যমে ইউটিউবে সক্রিয় রয়েছেন। দক্ষিণ ভারতের আল্লু অর্জুন কিংবা মোহনলালও এই প্ল্যাটফর্মে নিজের জায়গা করে নিয়েছেন।

বর্তমানে ছোট পর্দায় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান, যা এই শোয়ের সঞ্চালক হিসেবে তাঁর ১৬তম মৌসুম। অন্যদিকে বড় পর্দায় তাঁকে সামনে দেখা যাবে অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাত্রুভূমি’ (পূর্বের নাম ‘ব্যাটল অব গালওয়ান’) সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এ ছাড়া পরিচালক বংশী পৈডিপল্লির বহুল প্রতীক্ষিত ‘এসভিসি৬৩’ বা ‘মনস্টার’ প্রজেক্টেও যুক্ত আছেন তিনি, যেটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। সিনেমাটি ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।