১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:০৪:০২ অপরাহ্ন


নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১০ ১৭:৩২:৫৭
নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা! ছবি : সংগৃহীত


গোয়ায় নিজ বাসভবনে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা নানা পাটেকর; মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশের অপমৃত্যুর মামলা

       ভারতীয় চলচ্চিত্র জগতের প্রখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী অভিনেতার মৃত্যুর প্রাথমিক খবর সামনে এলেও, তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গোয়ার ডোনা পাউলায় ওসান পার্ক এলাকার নিজ বাসভবনে তাঁর এই আকস্মিক মৃত্যুকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় একটি অপমৃত্যু বা ‘আনন্যাচারাল ডেথ’ (UD) মামলা দায়ের করেছে গোয়ার পনাজি পুলিশ।

চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৭৫ বছর বয়সী এই অভিনেতা আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার বাড়িতে অসুস্থ বোধ করার পর তাঁকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেদিন সকালে পানাজি থানায় খবর পাঠানোর পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর ভোর আড়াইটার দিকে এক বন্ধুকে মেসেজ করে শারীরিক অসুস্থতা এবং শরীরের বাঁ দিকে ব্যথার কথা জানিয়েছিলেন নানা পাটেকর। পরবর্তীতে ভোর ৪টার দিকে ওই বন্ধু তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে হাঁপাতে ও ঘামতে দেখেন। এরপর দ্রুত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে সিপিয়ার (CPR) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুর সঠিক ও সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে অভিনেতার মরদেহ গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাব-ইনস্পেক্টর নীতিন নায়েকের নেতৃত্বে এই মামলার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।