ব্যবসায়ীকে মারধর ও ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের ঘটনায় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট গ্রেপ্তার; আদালতে সোপর্দ
এক ব্যবসায়ীকে জোরপূর্বক মারধর, ব্ল্যাকমেইল ও চাঁদা আদায়ের গুরুতর অভিযোগে ভারতীয় দক্ষিণী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অভিযোগ উঠে এসেছে, প্রস্তাবিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগ করতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যবসায়ীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে নগদ অর্থ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি হাতিয়ে নেন এই অভিনেত্রী ও তাঁর সঙ্গীরা। পুলিশি তদন্তে অভিনেত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ লেনদেনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে তরুণ নামের এক স্থানীয় ব্যবসায়ীকে তাঁদের আপকামিং এক শর্টফিল্ম প্রজেক্টে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ব্যবসায়িক ঝুঁকি বিবেচনা করে ওই ব্যবসায়ী অর্থ বিনিয়োগে অপরাগতা প্রকাশ করেন।
পরবর্তীতে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ভোরে ব্যবসায়ী তরুণ বাইরে থেকে নিজের অ্যাপার্টমেন্টের কক্ষে ফিরে এলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা বর্ষিণী, তাঁর বন্ধু সঞ্জয়সহ আরও দুজন ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা তরুণকে এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে সাথে থাকা নগদ ৫০ হাজার রুপি ছিনিয়ে নেন।
এরপর সঞ্জয়ের ক্রমাগত হুমকিতে বাধ্য হয়ে তরুণ নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি ডিজিটাল ট্রানফার করেন। কিন্তু এভাবে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি হাতিয়ে নেওয়ার পরও ক্ষান্ত হননি বর্ষিণী ও তাঁর চক্রটি। পরবর্তীতে ওই ব্যবসায়ীর কাছে অতিরিক্ত আরও ২৭ লাখ রুপি দাবি করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী তরুণ গুইন্ডি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে ব্যাংকিং ট্রানজেকশন হিস্ট্রি খতিয়ে দেখে সত্যতা নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ভুক্তভোগী তরুণের অ্যাকাউন্ট থেকে সরাসরি বর্ষিণী ভেঙ্কটের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি স্থানান্তরের শক্ত ডিজিটাল প্রমাণ মেলে।
প্রমাণের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাইলাপুর এলাকা থেকে অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মূল্যবান আইফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত থাকা অন্য পলাতক সঙ্গীদের দ্রুত গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে গুইন্ডি থানা পুলিশ।