১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:৫৬ অপরাহ্ন


কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার ছবি নিয়ে নিয়ে তোলপাড়!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৬ ১৬:১৯:৪৩
কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার ছবি নিয়ে নিয়ে তোলপাড়! ছবি: সংগৃহীত


বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ক্যাবারে নৃতশিল্পীর সাজে আলিয়া ভাট; কিয়ারার ‘টক্সিক’ ও ‘বোম্বে ভেলভেট’-এর সাথে তুলনার ঝড়

      বাণিজ্যিকভাবে সফল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র বিশাল সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বেঁধেছেন বলিকুইন আলিয়া ভাট ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এমনিতেই শীর্ষে। সম্প্রতি অভিনেতা রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর নেটদুনিয়ায় রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল। তার ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে চলচ্চিত্রে আলিয়া ভাটের চরিত্রের প্রথম ঝলক। তবে রণবীরের পোস্টারের মতো সর্বসম্মত প্রশংসা কুড়াতে না পেরে আলিয়ার এই নতুন লুকটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক ও ভিন্নমুখী আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারে আলিয়াকে দেখা গেছে জাঁকজমকপূর্ণ ম্যাজেন্টা–লাল রঙের এক ড্রামাটিক পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই–হাই স্লিট স্কার্ট এবং মাথায় বড় পালকে সাজানো বিশেষ হেডপিস—পুরো আবহে ফুট উঠেছে আশির দশকের কোনো ক্যাবারে নৃত্যশিল্পীর স্পষ্ট ছাপ। চোখের গাঢ় মেকআপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিকে রূপালী পর্দায় আবারও নতুন অবতারে ধরা দিয়েছেন তিনি। বানসালীর সিনেমায় এমন নিখুঁত দৃশ্যপট নতুন কিছু নয়; তবে পোস্টার প্রকাশের পরপরই প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মাঝে।

জনপ্রিয় বৈশ্বিক ফোরাম রেডিটের একাধিক ব্যবহারকারী পোস্টারটি দেখে মন্তব্য করেছেন যে, এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কিংবা অতিমাত্রায় এডিট করা হয়েছে। অন্যদিকে, অনেক নেটিজেনের কাছে আলিয়ার এই সাজে মৌলিকত্বের অভাব দেখা দিয়েছে; বরং এর সাথে সাম্প্রতিক অন্যান্য হিট সিনেমার চরিত্রগুলোর হুবহু মিল খুঁজে পেয়েছেন তাঁরা।

বিশেষ করে, দক্ষিণ ভারতীয় কন্নড় সিনেমার শীর্ষ অভিনেত্রী কিয়ারা আদভানির বহুল আলোচিত ‘টক্সিক’ চলচ্চিত্রের চরিত্রের সাথে আলিয়ার ফার্স্ট লুকের সরাসরি তুলনা টেনেছেন অনেকে। রেডিটে এক অনুরাগী লিখেছেন, আলিয়াকে দেখে সরাসরি ‘টক্সিক’ সিনেমার ‘নাদিয়া’ চরিত্রটির কথা মনে পড়ে যায়। আবার অন্য এক নেটিজেনের খোঁচা, "এ যেন দক্ষিণের ফ্লেভারে তৈরি বোম্বে ভেলভেট।"

এমনকি কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার পোস্টারের ছবি পাশাপাশি রেখে অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন যে, দুজনের সাজপোশাক ও আবহ অত্যন্ত কাছাকাছি। কেউ কেউ আবার এর মধ্যে রণবীর কাপুর অভিনীত হিট ছবি ‘অ্যানিমেল’ ও ‘বোম্বে ভেলভেট’-এর আবহ খুঁজে পেয়েছেন। এক কটাক্ষকারী লিখেছেন, "এই লুকটি আলিয়ার সাথে মোটেও মানানসই লাগছে না। মনে হচ্ছে পুরোপুরি ‘টক্সিক’ সিনেমা থেকে হুবহু নকল করা হয়েছে।"

তবে প্রতিক্রিয়া যে কেবল নেতিবাচক, তেমনটা নয়। আলিয়ার অসংখ্য ভক্ত এই নতুন এবং সাহসী অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের দাবি, চলচ্চিত্রের মূল গল্প ও চরিত্র সম্পর্কিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে; ফলে কেবল একটি ফার্স্ট লুক দেখে পুরো চরিত্রের গভীরতা অনুধাবন করা বা মূল্যায়ন করা একেবারেই বোকামি।

এর আগে গত বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ করেছিল বানসালী প্রোডাকশনস। ক্লাসিক রেট্রো লুকের পুরোনো একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসা সাদা টি-শার্ট ও চশমা পরা রক্তমাখা হাতে রণবীরের সেই লুকটি অনুরাগী মহলে দারুণ প্রশংসিত হয়েছিল।

মূলত সঞ্জয় লীলা বানসালীর মতো মহীরুহ পরিচালকের ছবি হওয়ায় দর্শকদের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। আর সেই কারণেই আলিয়ার লুকে ভক্তদের প্রতিক্রিয়ায় এমন দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে বলে মনে করছেন বিনোদন বিশেষজ্ঞরা। এটি বানসালীর সঙ্গে রণবীর কাপুরের তৃতীয় প্রজেক্ট, যেখানে তাঁদের যাত্রা শুরু হয়েছিল ‘সাওয়ারিয়া’র মাধ্যমে। তবে দক্ষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে এটিই বানসালীর প্রথম কাজ।

চলচ্চিত্রটির মূল গল্প এখনো কড়া গোপনীয়তায় রাখা হলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, এটি ঐতিহাসিক আবহে চিত্রায়িত এক যুদ্ধ ও রোমান্সের প্রেমের ত্রিভুজ। এতে রণবীর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর চৌকস কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে, যাঁদের জীবনের টানাপোড়েনে যুক্ত হবে আলিয়ার চরিত্রটি। ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত, আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া পাঠক। সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।