১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪০:২৬ অপরাহ্ন


ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর—কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৭ ১৪:৪১:৪১
ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর—কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান I ছবি: সংগৃহীত


মেঘনা গুলজারের ক্রাইম থ্রিলারে ডিসিপি আজুনি চরিত্রে ফিরছেন কারিনা; বিপরীতে পৃথ্বীরাজ সুকুমারন
         ‘দ্য বাকিংহাম মার্ডারস’ চলচ্চিত্রে ক্রাইম থ্রিলারের দুনিয়ায় এক শোকাহত ও গম্ভীর পুলিশ কর্মকর্তা হিসেবে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় আবারও সেই একই পেশাজীবীর ভূমিকায় ফিরছেন তিনি, তবে এবার তাঁর লুক ও চরিত্র উপস্থাপন একেবারেই ভিন্ন এবং বোল্ড। ঠোঁটে গাঢ় লিপস্টিক, কিন্তু দায়িত্ব পালনে অত্যন্ত কঠোর ও আপসহীন—এমনই এক বৈচিত্র্যময় নারী পুলিশ কর্মকর্তা হিসেবে ‘দায়রা’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী।

মেঘনা গুলজার পরিচালিত বহুপ্রতিক্ষিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’ আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমায় কারিনা কাপুরের চরিত্রের নাম দেওয়া হয়েছে ‘ডিসিপি আজুনি’। সম্প্রতি রাজধানী দিল্লিতে আয়োজিত এক জমকালো প্রচারণা অনুষ্ঠানে নিজের এই নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রটি নিয়ে খোলামেলা কথা বলেন বলিউডের এই শীর্ষ তারকা। তিনি উল্লেখ করেন, ভারতীয় চলচ্চিত্রে নারী পুলিশ চরিত্র বলতেই সচরাচর কঠোর, রুক্ষ ও পুরুষালী ঢঙে ফুটিয়ে তোলার এক ধরনের বাঁধা-ধরা প্রবণতা দেখা যায়।

নিজের চরিত্রের স্বতন্ত্রতা তুলে ধরে কারিনা বলেন, "পরিচালক মেঘনা গুলজার ‘দায়রা’ সিনেমায় এমন এক আধুনিক নারী পুলিশ কর্মকর্তাকে পর্দায় তুলে ধরেছেন, যিনি নিজের নারীত্ব ও নান্দনিকতাকে বিসর্জন না দিয়ে, ঠোঁটে লিপস্টিক মেখে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই কঠিন পেশাগত দায়িত্ব পালন করেন।"

অভিনেত্রী জানান, ডিসিপি আজুনি চরিত্রটি আপাতদৃষ্টিতে হাসিমুখের ও মার্জিত হলেও নিজের পেশাগত কর্তব্য ও দায়িত্ব পালনের সময় শতভাগ কঠোর। চরিত্রের ভেতরের এই বৈপরীত্য ও অনন্য মনস্তাত্ত্বিক দিকটিই তাঁকে সিনেমাটিতে অভিনয়ে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল।

‘দায়রা’ সিনেমায় কারিনা কাপুরের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দক্ষিণি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে। দুজন ভিন্ন মানসিকতার পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের পদ্ধতি, মতাদর্শ ও মনস্তাত্ত্বিক সংঘাতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমাটির মূল কাহিনি।

চরিত্রটির মধ্যকার নৈতিক দ্বন্দ্বের অভিজ্ঞতা জানিয়ে কারিনা বলেন, "বাস্তব জীবনে আমি যেকোনো বিষয়কে খুব সহজ ও ইতিবাচকভাবে দেখতে পছন্দ করি। কিন্তু এই সিনেমার প্রতিটি বিষয় ধূসর ও জটিল, যেখানে সঠিক ও ভুলের সূক্ষ্ম সীমারেখাটা মোটেও স্পষ্ট নয়। এই নৈতিক টানা-পোড়েনে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।"

অভিনয় ছাড়া চলচ্চিত্রের প্রযোজনা বা পরিচালনার মতো অন্য কোনো মাধ্যমে যুক্ত হওয়ার আপাতত কোনো ইচ্ছা নেই জানিয়ে কারিনা স্পষ্ট করেন, তিনি কেবল অভিনয়েই পূর্ণ মনোযোগ রাখতে চান। নতুন ও জটিল চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৪ সালের ব্যবসাসফল ও আলোচিত ছবি ‘সিংহাম এগেইন’-এর পর এই ‘দায়রা’ সিনেমার মাধ্যমেই আবার বড় পর্দায় বড় অবতারে প্রত্যাবর্তন করছেন কারিনা কাপুর খান।