১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২১:২৩ অপরাহ্ন


সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আরও দুই আসামি ৫ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১০ ২০:১৯:৪৯
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আরও দুই আসামি ৫ দিনের রিমান্ডে ছবি: সংগৃহীত


সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত কাশেম আলী (৩৮) ও দদি আল ফায়েত জিতকে (১৯) পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় একটি অটো রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। সেটি থামাতে গিয়ে হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি ছেলে আরিফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে আলতাফ হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন। বাবাকে বাঁচাতে গেলে তাঁর ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে আলতাফ হোসেনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।