১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৫:১৯:৩২ পূর্বাহ্ন


বাঁধনের ওপর হামলা: ৪ কারণ চিহ্নিত করলেন দীপ্তি চৌধুরী!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৮ ১৫:৫৬:০৫
বাঁধনের ওপর হামলা: ৪ কারণ চিহ্নিত করলেন দীপ্তি চৌধুরী! ছবি: সংগৃহীত


রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ায় বাঁধন সহজ টার্গেট; বৈষম্যবিরোধী আন্দোলনের কৃতিত্ব নেওয়া দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

        ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক এবং নারী হওয়ার কারণেই বাঁধনকে আক্রমণকারীরা সহজ টার্গেট করেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে বাঁধনের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার পেছনে ৪টি মূল কারণ চিহ্নিত করেন দীপ্তি চৌধুরী।

দীপ্তি চৌধুরীর বিশ্লেষণে চিহ্নিত ৪টি কারণ হলো:
১. গণঅভ্যুত্থানে অবস্থান গ্রহণ: জুলাই গণঅভ্যুত্থানে আজমেরী হক বাঁধনের একটি স্পষ্ট ও শক্ত রাজনৈতিক অবস্থান (স্ট্যান্ড পয়েন্ট) ছিল, যা আক্রমণকারী ব্যক্তিদের রাজনৈতিক আদর্শের সাথে মেলেনি।

২. রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিবাদ: ছাত্র-জনতার আন্দোলনের সময় রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে তিনি রাজপথে নেমে এসেছিলেন এবং সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল লাল করেছিলেন।

 ৩. রাজনৈতিক ছায়াহীনতা: বাঁধন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা আশ্রয়ে নেই।

 ৪. নারী পরিচয়: তিনি একজন নারী, যার ফলে অপশক্তির কাছে তিনি ছিলেন আক্রমণের জন্য সবচেয়ে ‘সহজ টার্গেট’।

স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী আক্ষেপ প্রকাশ করে লেখেন, "বর্তমানে যারা সরকারে তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু ‘জুলাই জঙ্গি’ গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে।" আন্দোলনের সময়ে সাধারণ নাগরিকদের সমর্থন নেওয়া হলেও বিপদের দিনে তাদের আগলে রাখা হয় না বলে ক্ষোভের সাথে অভিযোগ করেন তিনি।

একই সাথে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারত্ব দাবি করা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই তরুণ উপস্থাপক। তিনি লেখেন, "দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত আন্তর্জাতিক প্রশংসিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ারে অংশ নিতে বর্তমানে ইতালির ভেনিসে অবস্থান করছেন বাঁধন। ঐতিহাসিক ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ‘অরিজন্তি’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই সিনেমাটি প্রদর্শিত হওয়ার পাশাপাশি দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।