১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৪২ অপরাহ্ন


সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, সন্দেহভাজন একজন আটক
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৬ ১৬:৩৫:০৬
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, সন্দেহভাজন একজন আটক পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাব হোসেন I ছবি: সংগৃহীত


গাড়ি রাখা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বলির শিকার এসবির সদস্য আলতাব; চিকিৎসাধীন নিহতের ছোট ছেলে

         ঢাকার সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের নির্মম পিটুনিতে প্রাণ হারিয়েছেন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাব হোসেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বরদেশি এলাকার মদিনা হাউজিং সংলগ্ন স্থানে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলতাব হোসেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। হামলায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মদিনা হাউজিং এলাকায় গাড়ি রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজন চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তির বাকবিতণ্ডা হয়। অন্যায় এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে যান পুলিশ সদস্য আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অতর্কিতে তাঁর ওপর চড়াও হয় এবং বেধড়ক পেটাতে শুরু করে।

বাবার ওপর হামলা দেখে ছোট ছেলে আরিফুল রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে জানান, এলাকায় কিছু বেকার, অটোরিকশাচালক ও অপরাধপ্রবণ ব্যক্তি প্রায়ই আড্ডা দিত। তারা ফ্যাক্টরির ভেতরে ঢুকে হামলা-ভাঙচুর চালায় এবং তাঁর বাবা ও ভাইকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। প্রতিটি আঘাতই মাথায় লক্ষ্য করে করা হয়েছিল বলে জানান তিনি।

এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা জানায়, নিহত এসবি সদস্যের কপাল ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মূল অপরাধীদের শনাক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।