ইউরোপ সফরে গুরুত্বপূর্ণ বার্তা নগরবাউলের; শেষ দিন পর্যন্ত একজন দর্শকের জন্যও গেয়ে যাওয়ার অঙ্গীকার
বাংলা রক সঙ্গীতের অবিসংবাদিত সম্রাট ও নগরবাউল ব্যান্ডের প্রাণপুরুষ জেমস। কয়েক দশক ধরে সুরের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মকে মুগ্ধ করে আসা এই তারকা আজ এত বছর পরও সমানে মাতিয়ে যাচ্ছেন দেশ-বিদেশের মঞ্চ। ভক্তদের ভালোবাসায় 'গুরু' উপাধিতে ভূষিত এই কিংবদন্তি সংগীতশিল্পী বর্তমানে অবস্থান করছেন ইউরোপে।
দীর্ঘ প্রায় দুই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি সফর শেষে তিনি এখন অবস্থান করছেন সুইডেনে। আগামীকাল ৬ সেপ্টেম্বর দেশটির প্রবাসীদের নিয়ে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি।
সুইডেন কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেমস জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গানটাই গেয়ে যেতে চান। সংবাদ সম্মেলনে নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে জেমস বলেন, কেবল ভালোবাসা ও নিজস্ব প্যাশন থেকেই গান করা উচিত।
জেমস বলেন, "কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব—এখনই বন্ধ করে দাও। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।"
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু করেছিলেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম 'স্টেশন রোড'। সময়ের পরিক্রমায় শ্রোতা বদলালেও নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে জেমস বলেন, যখনই মঞ্চে দাঁড়ান, তখন মনে হয় সবাই যেন তাঁর আগেরই পুরোনো শ্রোতা। সময় যে চলে যাচ্ছে এবং কয়েকটি প্রজন্ম পার হয়ে গেছে, তা খেয়ালই করেননি তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই রক তারকা স্পষ্ট জানান, গান নিয়ে তাঁর আলাদা কোনো বাণিজ্যিক পরিকল্পনা নেই। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গানই গেয়ে যেতে চান। এমনকি শেষ বয়সে যদি মাত্র একজন দর্শকও উপস্থিত থাকেন, তাঁর জন্যও গান গাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সুইডেনের কনসার্টটির মাধ্যমেই জেমসের এই দীর্ঘ ইউরোপ সফর শেষ হবে। এরপর আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আয়োজিত এক বিশেষ কনসার্টে অংশ নিতে দেশটিতে উড়াল দেবেন তিনি। সেখানে এক মঞ্চে জেমসের পাশাপাশি গাইবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের প্রধান রূপম ইসলাম।