১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৫১ অপরাহ্ন


হলিউডে পা রাখছেন রোনালদো; অভিনয়ে কোন চরিত্রে?
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৭ ২০:১৪:৫২
হলিউডে পা রাখছেন রোনালদো; অভিনয়ে কোন চরিত্রে? ভিন ডিজেল ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত


ওয়েব সিরিজ ‘ডে ওয়ানস’-এর মাধ্যমে নতুন যাত্রা শুরু করছেন পাঁচবারের ব্যালনে ডি’অর জয়ী তারকা; থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবেও!
     ফুটবল ক্যারিয়ারে অর্জনের কোনো কমতি নেই তাঁর। মাঠে বল পায়ে অসংখ্য ইতিহাস গড়া পাঁচবারের ব্যালনে ডি’অর জয়ী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো এবার পা রাখতে যাচ্ছেন অভিনয়ের বিনোদন জগতে। তবে এখানেও তাঁর মূল ভিত্তি থাকছে প্রিয় খেলা ফুটবলই।

এক ফুটবল এজেন্টের জীবনের নানা রোমাঞ্চকর ঘটনা ও অভ্যন্তরীণ গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’। এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে অভিষেক ঘটছে আল নাসর তারকার। এতে তিনি অভিনয় করবেন বিশেষ অতিথি চরিত্রে। অভিনয়শিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়ার পাশাপাশি নতুন এই ওয়েব সিরিজটিতে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন রোনালদো।

সিরিজটিতে রোনালদোর সাথে দেখা যাবে ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার ও তাঁর একসময়ের মাঠের প্রতিদ্বন্দ্বী থিয়েরি অঁরিকেও।

ফুটবল দুনিয়ার অন্তরালের গল্প

‘ডে ওয়ানস’ সিরিজে আধুনিক ফুটবল দুনিয়ার ভেতরের নানা অজানা কাহিনি উঠে আসবে। একজন ফুটবলার, তাঁর এজেন্ট, বাজারে খেলোয়াড়দের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অন্দরমহলের জটিল সমীকরণ দিয়ে সাজানো হচ্ছে এর মূল গল্প।

সিরিজটিতে প্রধান চরিত্র অর্থাৎ এক প্রভাবশালী এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ খ্যাত বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইস। ইতোমধ্যে উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ সিরিজটির প্রাথমিক দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।

বিনোদন জগতে এই নতুন পদচারণা নিয়ে রোনালদো নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত। প্রতিক্রিয়া জানিয়ে আল নাসর তারকা বলেন, “এটা আমার জীবনের নতুন এক অধ্যায় হতে যাচ্ছে। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি খুব খুশি।”

প্রযোজনায় ইউআর-মার্ভ স্টুডিওস

সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে 'কিংসম্যান' খ্যাত হলিউড পরিচালক ম্যাথু ভনের প্রতিষ্ঠিত 'ইউআর-মার্ভ স্টুডিওস'। রোনালদো ও অঁরির মতো ক্রীড়া জগতের বিশাল দুটি নামের উপস্থিতি থাকায় সিরিজটির সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে জোর প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ রোনালদোর অভিনয়ের গুঞ্জন উঠেছিল, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আর এগোয়নি। তবে এবার ‘ডে ওয়ানস’-এর মধ্য দিয়েই বিনোদন জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন এই মহাতারকা।