১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৮:১৫ অপরাহ্ন


সেনাবাহিনীতে পদোন্নতির একমাত্র ভিত্তি হবে মেধা, দক্ষতা ও শৃঙ্খলা: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৬ ১৯:০৪:১০
সেনাবাহিনীতে পদোন্নতির একমাত্র ভিত্তি হবে মেধা, দক্ষতা ও শৃঙ্খলা: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’- উদ্বোধন করেন


রাজনৈতিক বিবেচনা ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে ওঠার তাগিদ; পেশাদার ও আধুনিক সামরিক বাহিনী গঠনে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

     বাংলাদেশ সেনাবাহিনীতে যেকোনো পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো স্থান থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতি প্রক্রিয়াকে শতভাগ নিরপেক্ষ রাখতে শুধুমাত্র মেধা, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রবিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে, একটি যুগোপযোগী, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ পেশাদার আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য নির্বাচনী পর্ষদে ন্যায়পরায়ণতা, সততা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

বক্তব্যকালে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুসংহত রাখার পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ও পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।