১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১৯:১২ পূর্বাহ্ন


সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৫ ২০:০৩:২৮
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম I ছবি: সংগৃহীত


বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে এনসিপি আহ্বায়কের তোপ; জামায়াত জোটের মহাসমাবেশ থেকে নতুন আন্দোলনের হুঁশিয়ারি

     গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম এবং সকল সরকারি প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে বিদ্যমান সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে সিলেটের মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন যে, বিভাগীয় সমাবেশগুলোর ইতি টেনে খুব শীঘ্রই ঢাকা থেকে সরকারের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

সারা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “ঢাকায় আজকে তীব্র গ্যাস সংকট, এর আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। বাজারে সবজির দাম দুই-তিন গুণ হয়েছে। তার ওপর বিএনপি সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনের পূর্বেই দ্রুত এই পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “আমরা এই সরকারকে আর কোনোভাবে সহযোগিতা করতে পারছি না। আমি সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এই জোটের সাথে আন্দোলন-সংগ্রামে থাকার আহ্বান জানাচ্ছি।”

বক্তব্যের একপর্যায়ে ‘জুলাই বিপ্লব’ এবং শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন বিএনপি ও দলটির নেতৃত্বের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের প্রেরণা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পেতে শুরু করেছে এবং সতর্ক হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটল, নির্বাচনের পর যে দল ক্ষমতায় এল—আমরা ভেবেছিলাম তারা জনরায়ের প্রতি ও ছাত্র-তরুণদের ওপর শ্রদ্ধাশীল হবে। কিন্তু তারা সত্তর শতাংশ জনগণের রায়কে অবজ্ঞা করা শুরু করেছে।”

হুঁশিয়ারি দিয়ে এনসিপি প্রধান বলেন, “বিএনপি যদি জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন এবং ১,৪০০ শহীদের রক্ত ও আত্মত্যাগের কথা ভুলে যায়, তবে এর কঠিন পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।”

রাষ্ট্র সংস্কার বনাম সংবিধান সংশোধনের চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনেই এই বিতর্কের মীমাংসা চূড়ান্ত হয়ে গেছে। জাতীয় সংকটকালে বিএনপি নিজেই গণভোট ও সংস্কারের দাবিতে একমত হয়েছিল উল্লেখ করে নাহিদ বলেন, “তারা এখন আর সংস্কারের ভাষা বোঝে না, অথচ তাদের নিজেদের দেওয়া ৩১ দফাতেও সংস্কারের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। বর্তমানে কিছু দালাল বুদ্ধিজীবী সংস্কারের বদলে সামান্য সংশোধনের পক্ষে ওকালতি করছেন। দেশের আমজনতা ও তরুণ সমাজ রাষ্ট্র সংস্কারের জন্যই বুকের রক্ত দিয়েছে। এমনকি বিএনপি নিজেও তো সংস্কারের মূলা ঝুলিয়ে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছিল।”

আজকের সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে জোটের বিভাগীয় পর্যায়ের কর্মসূচি সমাপ্ত হলো। এখন ঢাকার মহাসমাবেশ থেকেই চূড়ান্ত ও বৃহত্তর আন্দোলন কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হবে বলে জাতীয় নাগরিক পার্টি ও জোট সূত্রে নিশ্চিত করা হয়েছে।